মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের জমিদার বাড়ির কৃতি সন্তান, সাবেক সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বর্তমানে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামীকাল শনিবার দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সরকারি সফরে তিনি নিজের জন্মভূমি কমলগঞ্জ সফরে আসছেন। সরকারি সফরসূচি অনুযায়ী, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মন্ত্রী মৌলভীবাজারের বাহারমর্দনস্থ গ্রামে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান-এর কবর জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি শ্রীমঙ্গলের বরুনা মাদরাসা পরিদর্শন করবেন এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এরপর দুপুর ২.৩ ঘটিকায় মন্ত্রী কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে অবস্থিত তাঁর দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। এটি মন্ত্রীর জন্মভূমিতে একটি আবেগঘন সফর হিসেবে স্থানীয়দের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত থেকে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। সফর শেষে বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী কমলগঞ্জ থেকে সড়কপথে নিজ বাসভবন সিলেট এর উদ্দেশ্যে রওনা হবেন। উল্লেখ্য, কমলগঞ্জের নিজ গ্রামের বাড়িতে দাদা-দাদীর কবর জিয়ারত এবং বরুনা মাদরাসা পরিদর্শনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রীর এই সফর স্থানীয়দের মধ্যে আশা জাগাচ্ছে যে, জন্মভূমি ও স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে তিনি নজর দেবেন।