শেরপুরের ঝিনাইগাতীর মালিঝি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার মেশিন ধ্বংস ও পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মালিঝি নদী থেকে কয়েকদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন। এতে নদী রক্ষা বাঁধ ও আশপাশের জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার ধ্বংস ও ১ হাজার ফুট পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক বলেন, অনুমতি ছাড়া কৃষিজমি বা নদী-জলাশয় থেকে বালু-মাটি তোলা অবৈধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।