নাসিরনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪৯ পিএম
নাসিরনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। এরপর  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে শনিবার দিনব‍্যাপী  বিভিন্ন কর্মসূচির আয়োজন করে নাসিরনগরে উপজেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,কালো ব্যাজ ধারণ,আলোচনা সভা ও  দোয়া মাহফিল,দুপুরে হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। এসময় প্রধান অতিথির বক্তব্যে  সাংসদ  এম এ হান্নান ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি সাহেল আহমেদ,থানার ওসি তদন্ত  কৃষ্ণলাল ঘোষ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় সভায় নাসিরনগর সরকারি কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ রমজান আলী,বীর মুক্তিযোদ্ধা কালন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ‍্যাপক একেএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিন ও সাংবাদিক,সরকারি কর্মকর্তাসহ  আরো অনেক ভাষা আন্দোলনের ইতিহাস,শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. অলিউল্লাহ ।

এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, নেতৃবৃন্দ,শিক্ষক,মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে