ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। গত শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্ফস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল স্কুল কলেজ সরকারি আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহ ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য ব্যরিস্টার রূমিন ফারহানা। সুবিধাজনক সময়ে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ মন্দির গির্জায় দোয়া/মিলাদ মাহফিল ও প্রার্থনা করা হয়। এর আগে শুক্রবার বিকাল ৪টায় উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃহস্পতিবার বিকালে মাতৃভাষা বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।