পাবনার চাটমোহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনে চাটমোহর উপজেলা প্রশাসন,রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিন সারা দেশের মতো চাটমোহরেও সরকারি,বেসরকারি ভবন,ব্যবসাপ্রতিষ্ঠানসহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
দিবসের প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিট) উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাটমোহর উপজেলা কমান্ড,পুলিশ প্রশাসন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠণ,চাটমোহর প্রেস ক্লাব,উপজেলা পূজা উদযাপন পরিষদ,ব্যবসায়ী সমিতি,অরবিটল লিংক স্কুল এন্ড কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।,বাদ জোহর ছিল বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত।