ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৯ পিএম
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি একটি ঐতিহ্য, যা লালন করে দল-মত নির্বিশেষে আধুনিক সিলেট গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সিলেটের উন্নয়ন কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়; এটি পুরো অঞ্চলের সামগ্রিক কল্যাণের জন্য। শনিবার (২১ ফেব্রুয়ারি) নগরীর একটি রেস্টুরেন্টে জেলা ও মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তাঁর বক্তব্যে সিলেটের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার কিংবা সুপেয় পানির সমস্যার সমাধান হলে কোনো ব্যক্তি নয়, পুরো সিলেটবাসী উপকৃত হবেন। নির্বাচনের সময় দেওয়া উন্নয়ন পরিকল্পনা আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন। সিলেটের জীবনমান উন্নয়নে প্রতিটি কাজ দৃশ্যমান হবে বলে উল্লেখ করেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়কে একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। দায়িত্ব গ্রহণের অল্প সময় হলেও দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ও ভোগ্যপণ্যের সরবরাহ রয়েছে। বিশেষ করে রমজানে আমদানি-নির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, খেলাফত মজলিস মহানগরের সভাপতি তাজুল ইসলাম, এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক এডভোকেট আফজল হোসেন এবং মহানগর জামায়াতের নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা সিলেটের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে