মধ্যরাতে শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৯ পিএম
মধ্যরাতে শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন

শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের টিনশেড কাঠামোর কার্যালয়টিতে গভীর রাতে আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. মনসুর বলেন, “কার্যালয়ের পাশেই আমার দোকান। হঠাৎ বিকট শব্দ পেয়ে বাইরে এসে দেখি আগুন জ্বলছে। পরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।”

স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু গাজী দাবি করেন, ঘটনাস্থল থেকে দুই লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে, যা আগুনের কারণ নিয়ে সন্দেহের সৃষ্টি করেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন অভিযোগ করেন, “এটি পরিকল্পিত নাশকতা হতে পারে।” তিনি জানান, সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে