চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল ২১শের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ২১শের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক ইয়াসমিন আকতার, ছাত্রী ইশরাত জাহানসহ অন্যরা। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।