অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ন্ত্রণে চালু হওয়া এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকতে পারে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই টেস্ট রান পরিচালনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষ হলে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে।
এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার পদ্ধতি গত ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেজে যুক্ত করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, অবৈধভাবে আমদানি হওয়া বা অননুমোদিত ফোন ব্যবহার বন্ধ করতেই এই উদ্যোগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষামূলক এই কার্যক্রমের ফলে সীমিতসংখ্যক ব্যবহারকারী সাময়িক নেটওয়ার্ক সমস্যার মুখোমুখি হতে পারেন। এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।
নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির নামে নিবন্ধিত হ্যান্ডসেটে কেবল তার নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করা যাবে। পুরনো হ্যান্ডসেট অন্যের কাছে হস্তান্তর বা অন্য সিম ব্যবহার করতে চাইলে আগে সেটি ডিরেজিস্ট্রেশন করতে হবে। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকবে।
সরকার বলছে, চোরাপথে আনা বা গ্রে মার্কেটের ফোনের কারণে নানা ধরনের আর্থিক অপরাধ ও প্রতারণার ঘটনা ঘটছে। এনইআইআর পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে অনুমোদনহীন হ্যান্ডসেট আর দেশের মোবাইল নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।