নওগাঁর মহাদেবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরের টেনিস গ্রাউন্ডে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে তিন ব্যান্ডিল করে ঢেউ টিন, কম্বল ও নগদ নয় হাজার করে টাকা বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের দূর্যোগ ও ত্রাণ শাখা থেকে এসব বরাদ্দ করা হয়। নির্বাচিত হবার পর এমপির এটিই ছিল মহাদেবপুরে প্রথম কার্যদিবস। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিণ আন্ধারকোঠা মৎস্যজীবী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচ পরিবারের বাড়িঘর, আসবাবপত্র, হাঁস মুরগি সবকিছু ভষ্মিভূত হয়। তারাবির নামাজের সময় ওইগ্রামের আসলাম হোসেনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে তা পার্শ্ববর্তী আব্দুল আজিজ, এরশাদ আলী ও আছির উদ্দিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা শ্যালো মেশিন চালু করে ডোবা থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরআগেই কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও তাদের আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।