সড়ত দূর্ঘটনায় নিহত ৫ জনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে চরে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা দিকে কুষ্টিয়ার বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন-বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের খিরজার মোল্লার দুই স্ত্রী আমেনা বেগম ও কমেলা বেগম এবং মেয়ে জামাই সিএনচি চালাক জাকারিয়া হোসেন, আশরাফুল ইসলাম নুর ও তার স্ত্রী শাহানাজ খাতুন সেফালি। তারা একই পরিবারের চাচা-চাচি, জামাই ও ভাতিজা সম্পর্ক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন দাদপুর চরের খিরজার মোল্লার ভাতিজা পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম। তাদের খাজানগরে দাফন করা হয়েছে। জানা গেছে, অটোরিকশা কুষ্টিয়ার বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে আমেনা বেগম, কমেলা বেগম, সিএনজি চালাক জাকারিয়া হোসেন এবং হাসপাতালে নেওয়ার পর আশরাফুল ইসলাম নুর ও তার স্ত্রী শাহানাজ খাতুন সেফালির মৃত্যু হয়। পদ্মার ভাঙ্গনের কারনে তারা কুষ্টিয়ার খাজানগরে কিছুদিন আগে বাড়ি করেছেন। তারা চকরাজাপুর চরের দাদপুরে আবার কখনো কুষ্টিয়ার খাজানগরে থাকেন। তারা সিএনজি করে দাদপুর চরে আসার সময়ে সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন বলে পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম জানান। এ বিষয়ে কুষ্টিয়ার হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।