নীলফামারীর সৈয়দপুরে প্রতি বছর রমজান মাস এলে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। আহলে সুন্নাত ওয়াল জামায়াত একটি ধর্মীয় সামাজিক সংগঠন। সমাজের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় নিঃস্বার্থ ভাবে। পুরো রমজান মাস এ সংগঠনের পক্ষ থেকে সৈয়দপুর জিআরপি মোড়ে আয়োজন করা হয় ইফতার বিতরণ মাহফিল। যে কেউ এ ইফতার নিতে পারেন। তবে অসহায় গরীব মানুষরাই এ ইফতার নিয়ে থাকেন। তিন রমজান ইফতার বিতরণ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপির অন্যতম নেতা তারিক আজিজ। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব গুলজার আহমেদসহ অন্যান্য দায়িত্বশীল নেতারা। ইফতার বিতরণকালে সংগঠনের সভাপতি আলহাজ্ব গুলজার আহমেদ বলেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমাজের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। বিয়ে,শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশু,অসহায়,প্রতিবন্ধী ও অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারছেন না তাদের সাধ্যমত সহযোগিতা করা হয়। আর আমাদের সংগঠনের সদস্যরাই এ সব অর্থ দিয়ে থাকেন।