নীলফামারীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি ওই অভিযান পরিচালনা করা হয় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যেগে এ অভিযান চালানো হয়। সদর উপজেলার বাইপাস মোড় নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম ও শেখ ইমাম মোশারফ । অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৩ টি যানবাহনের বিরুদ্ধে চার হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয়। ৬ টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।