বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে অমর একুশে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, মোল্লাহাট থানা, উপজেলা বিএনপি, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রেসক্লাব মোল্লাহাটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। পরে একটি প্রভাতফেরি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম এবং প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মোল্লাহাটবাসী গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।