বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন করে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাসদরে কর্মরত আছেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিস পদেও পরিবর্তন এসেছে। এ পদে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। বিদায়ী প্রিন্সিপাল স্টাফ অফিস লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শীর্ষ পর্যায়ে এই রদবদল নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়েছে।