তিন বছরের সংসার জীবনের ইতি টানছেন হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিও এবং চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু ফর্ম। দম্পতির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পর দুজনই তাদের সন্তানের যৌথ অভিভাবকত্ব চালিয়ে যাবেন। পিপল ম্যাগাজিনে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একসঙ্গে আমাদের সন্তানের দায়িত্ব পালন করব। এই পরিবর্তনের সময় আমাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানো হোক।” করোনা মহামারির সময় নিউইয়র্কের রাস্তায় হঠাৎ পরিচয়ের পরই আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের শেষদিকে বাগদান সম্পন্ন করেন তারা। ২০২২ সালের জুনে নিউ অরলিন্সে বিয়ে করেন। ২০২৪ সালে তাদের সংসারে আসে একটি পুত্রসন্তান, যার বয়স বর্তমানে প্রায় ১৫ মাস। অ্যান্ড্রু ফর্মের আগের সংসারে রোয়ান ও জুলিয়ান নামে দুই সন্তান রয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে আলেকজান্দ্রা নিজের এক গর্ভপাতের অভিজ্ঞতার কথা বলেছিলেন। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ধরনের ক্ষতি ও মানসিক আঘাত ভেতর থেকে না পেরোলে বোঝানো খুব কঠিন। যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তাদের অনুভূতির সঙ্গে এখন আমি অনেক বেশি সংযোগ খুঁজে পাই।’ ১৬ বছর বয়সে টিভি সিরিয়াল ‘অল মাই চিলড্রেন’এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন আলেকজান্দ্রা দাদারিও। পরে অ্যানাবেথ চেজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পরে এইচবিও সিরিজ দ্য হোয়াইট নোটাস-এ অভিনয়ের জন্য প্রাইমটাইম এমি মনোনয়নও পান তিনি। দাম্পত্যে ভাঙন এলেও সন্তানের ভবিষ্যৎ ও সুস্থ পরিবেশ বজায় রাখাই এখন দুজনের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তাদের প্রতিনিধিরা।