শফিকুল ইসলাম মাসুদ এমপি

আমি সেবক, এমপি হল বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৩৩ পিএম
আমি সেবক, এমপি হল বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ

পটুয়াখালী ২ (বাউফল) আসনের নবনির্বাচিত  সাংসদ  ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি আপনাদের সেবক, আর এমপি হল বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়- ইনসাফ, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।” বাউফল পাবলিক মাঠে আয়োজিত  শুকরিয়া সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে  ডক্টর মাসুদ এমপি এসব কথা বলেন।  আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বাউফল পাবলিক মাঠে  অনুষ্ঠিত শোকরিয়া সমাবেশে  বাউফল  উপজেলা  জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, বিশিষ্ট মুফাসসির শায়েখ জামাল উদ্দিন, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা,  নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ  এবং এনসিপি নেতা মো. জাকির হোসেন প্রমুখ। এসময় বাউফল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় ভূষিত হন।  বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমপি মাসুদ বলেন, “অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন- তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।” তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করা হচ্ছে। তবে জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সঠিক তথ্য তুলে ধরুন। নইলে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।” ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, ৬০ দিনের মধ্যে মাদক এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢ়ুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। যেমন একজন মালীকে সতর্ক থাকতে হয়, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”  সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে