চারঘাটে প্রতিবন্ধী ব্যবসায়ীর আড়তে আগুন, মারধরের অভিযোগ

এফএনএস (মো: সজিব ইসলাম; চারঘাট, রাজশাহী) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০৮ পিএম
চারঘাটে প্রতিবন্ধী ব্যবসায়ীর আড়তে আগুন, মারধরের অভিযোগ

রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকায় এক মাছ ব্যবসায়ীর আড়তে আগুন ও একাধিকবার মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী উপজেলার মোক্তারপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে মোঃ নাজিম (৪২)। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে মুক্তারপুর বাজার সংলগ্ন এলাকায় মাছের ব্যবসা করে আসছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন, মোঃ হেলাল (৩২), পিতা মোঃ রুহুল; মোঃ ইয়াদুল (১৯), পিতা মোঃ সিদ্দিক; মোঃ ডন (২০), পিতা মৃত শকেন কালু এবং মোঃ জুয়েল (৩৫), পিতা মোঃ আনছার। তারা সবাই একই এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টার দিকে ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে তিনি দাবি করেন। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় তার মাছের আড়তে এসে গালিগালাজ ও হুমকি দেয়। ওই রাতেই আনুমানিক সাড়ে ১১টার দিকে তার আড়তে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।  এছাড়া ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে আবারও তাকে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও বাম হাঁটুতে ক্ষত সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জানান, তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  হেলাল উদ্দিন ফারুকী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে