আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আজ সোমবার নতুন দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, “যারা কোনো অন্যায় করেননি, তাদের প্রসিকিউশনের মাধ্যমে কোনো ধরনের হয়রানি করা হবে না। তবে প্রকৃত অপরাধীদের অবশ্যই তাদের প্রাপ্য সাজা পেতে হবে।”
চিফ প্রসিকিউটর এ দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য যেন পালন করতে পারি, সে চেষ্টা করবো। একই সঙ্গে দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চাই।”
দায়িত্ব নেওয়ার পর নিজের অগ্রাধিকার তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, “আজ আমি দায়িত্ব পেলাম। ট্রাইব্যুনালের সব কার্যক্রম আমি দেখবো।”
উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগেও ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে যুক্ত ছিলেন।