চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতার ও বিক্ষোভ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৬ পিএম
চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতার ও বিক্ষোভ

পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ধানকুনিয়া বাজারে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে  প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,চাটমোহর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ সবুজ। এছাড়াও ফিরোজ আলী মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন। অপরদিকে উপজেলার ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারি সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে ফৈলজানা ইউপি সদস্য মাহবুবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করে পুষ্পস্তবক অর্পন করেন। এ ব্যাপারে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু জানান, ফৈলজানার বিষয়টি বিচ্ছিন্ন একটি ঘটনা। তাছাড়া আওয়ামীলীগের ব্যাপারে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের মহাসচিব স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মহোদয় আদালতের মাধ্যমে নিষ্পত্তির ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন। সে অনুযায়ী ব্যবস্থা হবে। চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন জানান,ইফতার মাহফির ও বিক্ষোভের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে