নীলফামারীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আইনগত দিক, সামাজিক প্রভাব, ইসলামে নারীর মর্যাদা এবং পরিবার-সমাজের করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম রাজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাসান রাব্বি প্রধান, সাবেক সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম,সাংবাদিক আতিয়ার রহমান বাড্ডা,সাবেক সেক্রেটারী নূর আলমসহ অনেকে। মো. নাঈম শাহ্ ও হুমায়রা আক্তার সভা সঞ্চালনায় ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন মেহেদী হাসান জীবন। আলোচকরা বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয়, এটি একটি সামাজিক সমস্যা। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। তারা বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান ও অধিকার নিশ্চিত করেছে। কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। আজহারুল ইসলাম রাজা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে। ইসলাম নারীর মর্যাদা ও সুরক্ষার কথা বলেছে, তাই এ ধরনের ক্ষতিকর সামাজিক প্রথা থেকে সরে আসতে পরিবারকে সচেতন হতে হবে এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের সকল সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।