সুজানগরে ১ কেজি মুড়ির দামে ২ কেজি চাল বিক্রি

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৯ পিএম
সুজানগরে ১ কেজি মুড়ির দামে ২ কেজি চাল বিক্রি

চলতি রমজান মাসের প্রথম দিন থেকেই পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে মুড়ি বিক্রি হচ্ছে। ফলে মুড়ির বর্তমান বাজার দরে ১কেজি মুড়ির দামে ২কেজি চাল পাওয়া যাচ্ছে।  খোঁজ-খবর নিয়ে জানা যায়, রমজান মাস আসার আগেও উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি আউশ ধানের মুড়ি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০টাকা দরে। আর অন্যান্য ধানের মুড়ি বিক্রি হয়েছে ৭০ থেকে ৯০টাকা দরে। কিন্তু রমজানের প্রথম দিন থেকেই প্রতিকেজি আউশ ধানের মুড়ি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫টাকা দরে। আর অন্যান্য ধানের মুড়ি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮০ থেকে ৯০টাকা দরে। অথচ বর্তমানে হাট-বাজারে প্রতিকেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০টাকা দরে। ফলে মুড়ির বর্তমান এ বাজারে ১কেজি মুড়ি বিক্রি করে ২কেজি চাল কেনা যাচ্ছে। উপজেলার মানিকদীর গ্রামের ভ্যান চালক আব্দুল লতিফ বলেন মোটা চালের বর্তমান বাজার নিম্ন এবং মধ্য আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু মুড়ির বর্তমান বাজার নিম্ন এবং মধ্য আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। উপজেলার মানিকহাট গ্রামের মিজানুর রহমান বলেন মুড়ি নিত্য প্রয়োজনীয় খাবার নয়। কিন্তু তারপরও রমজান মাসে প্রতিটি মানুষ কম-বেশি মুড়ি কিনে থাকেন। কিন্তু বর্তমানে হাট-বাজারে প্রতিকেজি মুড়ি ৯০ থেকে ১৪০টাকা দরে বিক্রি হওয়ায় বেশিরভাগ নিম্ন এবং মধ্য আয়ের মানুষ কিনতে পারছেন না। মুড়ি ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন মুড়ি ভাজতে অনেক খরচ হয়। সেকারণে সব সময়ই হাট-বাজারে চালের চেয়ে মুড়ি বেশি দামে বিক্রি হয়।

আপনার জেলার সংবাদ পড়তে