সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। উন্নয়নের ধারা গতিশীল রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত মেনে নেওয়া হবে না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি এমপি মো. গোলাম রছুল আরো বলেন, শিল্প, বাণিজ্য ও বন্দর নগরীর কারণে অভয়নগর উপজেলা দেশের অর্থনীতির একটি প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। তাই এখানকার ব্যবসায়ীরা যাতে অবাধে তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারে সেজন্য মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের শিখরে নিতে হলে সরকার ও বিরোধীদলকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরকার ও কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন প্রমুখ।