মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব-এর সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক- এর আয়োজনে জাতীয় ট্রেড ইউনিয়ন সংগঠন এবং বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে শিশু গৃহকর্মী সামিয়া আক্তারের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে গৃহকর্মী সামিয়া আক্তারের উপর চালানো নৃশংস নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীর জন্য উন্নত চিকিৎসা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতকরণসহ পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গৃহকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হত্যা, ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও গৃহকর্মীর জন্য শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক- এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)- এর যুগ্ম সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট- এর সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মুরশিদা আক্তার, গৃহশ্রমিক জাতীয় ফোরাম এর সভাপতি জাকিয়া সুলতানা, ব্লাস্ট এর সিনিয়র আইনজীবী আমানুল্লাহ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর সিনিয়র প্রোগ্রামে অফিসার মনিরুল কবির ও বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের পরিচালক এসকে মজিবুল হক প্রমূখ। উল্লেখ্য, সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ১০ বছরের শিশু গৃহকর্মী সামিয়া আক্তারকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম নামে এক চিকিৎসককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একজন, গ্রেপ্তারকৃত চিকিৎসকের স্ত্রী, এখনো পলাতক রয়েছেন।