হয়রানির অভিযোগে সংকটে ইতালিয়ান ক্রিকেট

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০০ পিএম
হয়রানির অভিযোগে সংকটে ইতালিয়ান ক্রিকেট

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি নজর কেড়েছে। অভিষেক আসরেই নেপালকে হারানোর পর ইংল্যান্ডের সঙ্গে সমানে সমান লড়ে পরাজিত হয়েছে। দেশের স্বপ্নের বিশ্বকাপ অভিষেকের পর ইতালিয়ান ক্রিকেট কেঁপে উঠেছে যৌন হয়রানির অভিযোগে। ফেডারেশন ক্রিকেট ইতালিয়ানা-র (এফসিআরআই) নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কান বংশোদ্ভুত কো-অর্ডিনেটর প্রবাথ একনেলিগোদা। তার বিরুদ্ধে জাতীয় নারী দলের এক সদস্য অশালীনভাবে  স্পর্শ করার অভিযোগ এনেছেন। বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্ত চলছে বলে গণমাধ্যমের খবর। এই ঘটনার সঙ্গে আরও কিছু ইস্যুতে ইতালি বোর্ডের একাধিক সদস্য পদত্যাগ করেছেন বলে খবর বিসিবি স্পোর্ট-এর। ৫৭ বছর বয়সী একনেলিগোদার বিরুদ্ধে ওই নারী রোমের পুলিশের কাছে ২০২৫ সালের মার্চে যৌন হয়রানির অভিযোগ করেন। ওই খেলোয়াড় জানান, হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। ট্রেনিং সেশনে মেসেজ করার সময় যৌন হয়রানির ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান দলে জায়গা হারানোর শঙ্কা থেকে ওই ঘটনা চেপে রেখেছিলেন তিনি। নভেম্বরে রোমের এক আইনজীবী তদন্ত শুরু করেন এবং পরের মাসে পুলিশ একনেলিগোদাকে জিজ্ঞাসাবাদ করেন। এই মামলা ট্রায়ালে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে শিগগিরই। তবে একনেলিগোদা অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী বলেছেন, এই অভিযোগের পেছনে কোনো চক্রান্ত আছে। নভেম্বরেই এফসিআরআই একনেলিগোদাকে বরখাস্ত করে। তবে ইতালিয়ান ক্রিকেটে তার ক্ষমতার দাপট কমেনি।এফসিআরআই প্রেসিডেন্ট মারিয়া হাজ পাজের সঙ্গী তিনি। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির খেলা দেখতে ভারতে গিয়েছিলেন এই নারী কর্মকর্তা, সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রবাথও। সেখানে অফিসিয়াল অ্যাক্রেডিটেশন গলায় ঝুলিয়ে ফেডারেশনের অন্যদের সঙ্গে বসে তিনি খেলা দেখেছেন। অথচ বিশ্বকাপের আগে থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন ফেডারেশনের প্রত্যেকে। ইতালিয়ান গণমাধ্যমগুলোর মধ্যে সবার আগে ইল মেসাগারো ও কোরিয়ের দেল্লা সেরা এই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এখন এই ইস্যু প্রকাশ্যে আসার পর ইতালিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েছে। ২০২৮ সাল পর্যন্ত ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া হাজ পাজও তার পদ বাঁচাতে পারেন কি না সন্দেহ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে