ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আরো কয়েকজন নিখোঁজ রয়েছে এবং ৪০০ জনের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে মিনাস জেরাইস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জানিয়েছে।
জুইজ দে ফোরা পৌরসভার মেয়রের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, বন্যা, ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার ঘটনায় কয়েকজন নিখোঁজ হয়েছে তবে কতজন তা নির্দিষ্ট করা হয়নি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৪৫ জন নিখোঁজ রয়েছে।
মিনাস জেরাইস অগ্নিনির্বাপণ বিভাগ এএফপিকে জানায়, তারা তথ্যটি ‘প্রাথমিকভাবে’ নিশ্চিত করেছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা জানানোর মতো উপাত্ত নেই।
জুইজ দে ফোরার মেয়র মারগারিদা সালোমাও ‘তীব্র ও অব্যাহত’ বৃষ্টিপাতের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ লাখ ৪০ হাজার জনসংখ্যার শহর জুইজ দে ফোরায় চলতি ফেব্রুয়ারি মাসটি রেকর্ডের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস।
সালোমাও বলেন, কিছু পাড়া ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে এবং অন্তত ২০টি ভূমিধসের ঘটনা ঘটেছে।
তিনি পরিস্থিতিকে ‘চরম’ বলে উল্লেখ করেন।