কুষ্টিয়ার দৌলতপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ফিলিপনগর এলাকার অটোরিকশা চালক আহসান আলীর ছেলে অর্জুন আলী (৩১), বড়গাংদিয়া এলাকার সাঈদ হোসেন (১৭) এবং লাওবাড়িয়া এলাকার মনোয়ারা খাতুন (৪০)। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।