আজ পিলখানা ম্যাসাকারে হত্যার ১৭ বছর

শহীদ কর্ণেল আফতাবুলের পরিবারের দাবি এখনো পূরণ হয়নি

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
| আপডেট: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৯ এএম | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৯ এএম
শহীদ কর্ণেল আফতাবুলের পরিবারের দাবি এখনো পূরণ হয়নি

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে পিলখানা ম্যাসাকারে শহীদ তৎকালীণ বিডিআরের রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুলের বাড়িতে আজও শোক কাটেনি। তার গ্রামের বাড়ি ফুলবাড়ী উপজেলা সদরের গিয়ে শোকাহত পরিবেশ দেখা গেছে।

ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ এলেই পরিবারটিতে বিরাজ করে শোকাহত পরিবেশ। ৫ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট ছিল তৎকালীন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুল। ছোটভাইকে হারিয়ে বড়ভাইরা আজও শোকাহত। 

এদিকে পিলখানা ম্যসাকার স্মরণে গতবছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় সেনা দিবস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদযাপন হলেও এবার এ দিবসটি এখানে প্রশাসনিকভাবে পালন হচ্ছেনা। এ প্রসঙ্গে ফুলবাড়ী ইউএনও দিলারা আকতারের সঙ্গে কথা হলে তিনি জানান এ সংক্রান্ত কোনো চিঠি আমরা পাইনি।

তবে শহীদ কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুলের বড়ভাই ডাঃ আজিজুল ইসলাম বেলাল জানান, পিলখানা ম্যাসাকারে হত্যার শিকার আমার ছোটভাই শহীদ কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুলের ১৭ তম শাহাদত বার্ষিকী আমরা শোকাহত পরিবারের পক্ষ থেকে পালন করবো।

এ উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আসরের নামাজের পর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হবে। এখানে পরিবারের লোকজন, স্বজনরাসহ এলাকাবাসী উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

শহীদ লে.কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুলের বড়ভাই আনোয়ারুল ইসলাম দুলাল জানান, শহীদ লে.কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুল আমাদের ৭ ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল। তাকে হারিয়ে আমরা পরিবারের সদস্য আজও শোকাহত। 

তিান বলেন, লে.কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুল মেধাবী হওয়ায় সে তৎকালীণ বিডিআরের রংপুর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছে। তার উপর আমাদের পরিবারসহ এলাকাবাসীর অনেক আশা আকাঙ্খা ছিল। কিন্তু বিডিআর বিদ্রোহের নামে পিলখানা ম্যাসাকারে আমাদের সব স্বপ্ন ভেঙে ফেলা হয়েছে।

আনোয়ারুল ইসলাম দুলাল আক্ষেপের সঙ্গে আরও জানান, ছোটভাই শহীদ লে.কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুলের নামে আমরা ফুলবাড়ী টু নাগেশ্বরী সড়কটি শহীদ কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুল সড়ক নাম করণের দাবি তুলেছিলাম। কিন্ত্ ুএ দাবি আজ পুরণ হয়নি। 

উল্লেখ্য, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে পিলখানা ম্যাসাকারে ৫৭ জন মেধাবী সেনা সদস্যকে বাছাই করে হত্যা করা হয়। এরমধ্যে বিডিআরের রংপুর সেক্টর কমান্ডার লে.কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুল একজন। 

তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের বসিন্দা মরহুম শিক্ষক বয়জার রহমান মাষ্টারের কনিষ্ট পুত্র। শহীদ কর্ণেল আফতাবুল ইসলাম বুলবুল জীবদ্দশায় এক কন্যা সন্তানের জনক ছিলেন। বর্তমান তার স্ত্রী নাসিমা ভুঁইয়া বন্যা ও একমাত্র মেয়ে নুদরাত নাওয়ার অরহা লন্ডন প্রবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে