রংপুর জেলা প্রশাসকের তারাগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শন

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৭ এএম
রংপুর জেলা প্রশাসকের তারাগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শন

রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে  তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন ।

পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে সকল দপ্তরের প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপরে তিনি  উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী,স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 

এর আগে তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় ডেইরি প্রডিউসার গ্রুপের খামারিদের মাঝে বিনামূল্যে দুটি উন্নতমানের মিল্কিং মেশিন বিতরণ করেন তিনি।

সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডেইরি পিজির ৪০ জন খামারির প্রতিনিধি হিসেবে মোছা. লাবনী আক্তার এবং আলমপুর ইউনিয়নের মধুরামপুর ডেইরি পিজির ৪০ জন খামারির প্রতিনিধি হিসেবে মো. মাসুদ রানা মিল্কিং মেশিন দুটি গ্রহণ করেন।

এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরিচালিত পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র এবং এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৪০ জন উপকারভোগীর মাঝে ২১ লক্ষ টাকা বিনিয়োগ সহায়তা প্রদান করা হয় এবং ৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

অপরদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার এবং হতদরিদ্র ৪টি পরিবারসহ মোট ১০টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে দুই বান্ডিল টিন, ৬ হাজার টাকার চেক এবং ১০ প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে