পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তা হয়রানিরোধে বরিশাল নগরীর বাজারগুলোতে র্যাব-৮ এর উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে বরিশাল নগরীর বাজার রোড এলাকার পাইকারি দোকানগুলোতে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া সেল সূত্রে আরও জানা গেছে, র্যাব-৮ প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অবৈধ সিন্ডিকেট, মজুতদার, চোরাকারবারি ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফলভাবে অভিযান পরিচালনা করে আসছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব-৮ সদর কোম্পানী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল নগরীর বাজার রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এসময় দৃশ্যমানস্থানে মূল্য তালিকা না টানানো, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দ্বারা ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অপরাধে পাঁচজন ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করেছে ভ্রাম্যমান আদালত।
র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান উল্লেখ করেছেন।