২ মার্চ ভোটার দিবস: কর্মসূচি সফল করতে বিভাগীয় সমন্বয় সভা

এফএনএস (রাজশাহী):
| আপডেট: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৯ পিএম | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৯ পিএম
২ মার্চ ভোটার দিবস: কর্মসূচি সফল করতে বিভাগীয় সমন্বয় সভা

আগামী ২ মার্চ পালিত হবে ‘জাতীয় ভোটার দিবস-২০২৬’। দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও জাতীয় ভোটার দিবস উদযাপন বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি ড. আ. ন. ম. বজলুর রশীদ। 

দিবসটি উপলক্ষে ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় সর্বসম্মতিক্রমে বিভাগজুড়ে র‌্যালি, আলোচনা সভা, আলোকসজ্জা, গণসচেতনতামূলক প্রচারণা এবং নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণ কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তরুণদের ভোটার হিসেবে নিবন্ধনে আগ্রহী করে তোলা এবং হালনাগাদ তথ্য প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটার হিসেবে নাগরিকের অংশগ্রহণই রাষ্ট্র পরিচালনার ভিত্তি। জাতীয় ভোটার দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি জেলা ও উপজেলা প্রশাসনকে সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মো. আনিছুর রহমান পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রুয়েট প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফারুক আহম্মেদ, সাবেক জেলা ও দায়রা জর্জ মো. গোলাম ফারুক, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ। সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, বিভাগব্যাপী সমন্বিত উদ্যোগের মাধ্যমে জাতীয় ভোটার দিবস-২০২৬ সফলভাবে উদযাপিত হবে এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।

আপনার জেলার সংবাদ পড়তে