ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে পড়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ তলা থেকে লাফ দেন তিনি।
নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। নিহতের পরিবার জানায় মৌসুমী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, জেলার তারাকান্দা থেকে সকালে হাসপাতালে মায়ের সঙ্গে চিকিৎসা নিতে আসে মৌসুমী আক্তার। একপর্যায়ে নতুন ভবনের ৬ তলায় উঠে লাফ দেন ওই তরুণী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই ইউসুফ আলী বলেন, মৌসুমী গত বছর দেড়েক ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে নিয়মিত চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়। তবে গত পাঁচ ছয় দিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়লে আজ সকালে মায়ের সঙ্গে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (এডমিন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ওই তরুণী নিজে থেকেই হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে বলা হয়েছে।