পত্নীতলায় সরিষার বাম্পার ফলন, দামে খুশী কৃষক

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৫ পিএম
পত্নীতলায় সরিষার বাম্পার ফলন, দামে খুশী কৃষক

একটা সময় ছিলো যখন গ্রাম বাংলার আপাময় মানুষ সরিষার তেলের উপর নির্ভর ছিলো। চাষীরা নিজেরাই সরিষা উৎপাদন করে বার্ষিক ভোজ্য তেলের চাহিদা পুরণ করতো। কালের আবর্তে বাজারে সয়াবিন তেলের আধিক্য এবং কৃষকরা সরিষার চেয়ে অধিক লাভজনক ফসলের দিকে ঝুঁকে পড়ায় সরিষার আবাদ কমতে থাকে। বর্তমানে সরিষা তেলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি, সরিষার বাজার দাম ভালো থাকা এবং উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষের সুযোগ সৃষ্টি হওয়ায় কৃষকরা পুনরায় সরিয়া চাষের দিকে ঝুঁকেছে।

২৫ ফেব্রুয়ারী বুধবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সবুজ বোরো ধানের ক্ষেতের মাঝে মাঝে শোভা পাচ্ছে হলুদ রংয়ের পাকা সরিষা। মনে হয় সবুজের মাঝে হলুদের চাদর বিছিয়ে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে কৃষক ও মজুররা সরিষা কাঁটা ও মাড়াই এর কাজে ব্যস্ত সময় পার করছেন। ফহিমপুর মাঠে সরিষা কাটার সময় কথা হয় একই গ্রামের কৃষক মো. আতিকুল ইসলাম এর সাথে, তিনি এ বছর ১ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রতিবিঘা জমিতে ৬/৭মণ সরিষা হবে। বর্তমানে বাজারে মণপ্রতি ২হাজার ৮শত টাকা হতে ৩হাজার টাকায় সরিষা বিক্রয় হচ্ছে। এক বিঘা জমিতে সরিষা চাষ করতে ৩হাজার ৫শত টাকা থেকে ৪হাজার টাকা খরচ পড়ে। সরিষা চাষে ঝামেলাও কম। সরিষা তুলে আবার একই জমিতে বোরো ধান লাগানো যায়। বাজারে সরিষার এ রকম দাম থাকলে কৃষকের সমস্যা হবেনা। চলতি বছরে সরিষার বাম্পার ফলন হয়েছে বলেও জানান এই কৃষক।

চলতি মৌসুমে পত্নীতলা উপজেলায় ৬ হাজার ৫শত হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

ছবি ক্যাপশন: নওগাঁর পত্নীতলায় সরিষা ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলা ফহিমপুর মাঠ থেকে বুধবার সকালে ছবিটি তোলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে