দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৫ পিএম
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’

ভয় ও রহস্যে মোড়া ‘স্ক্রিম ৭’ আমেরিকান স্ল্যাশার ঘরানার একটি চলচ্চিত্র। আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে সিনেমাটি। দেশের দর্শক সিনেমাটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে। তিন বছর আগে মুক্তি পাওয়া স্ক্রিম ৬-এর সিক্যুেয়ল হিসেবে আসছে ‘স্ক্রিম ৭’। অর্থাৎ ষষ্ঠ কিস্তির তিন বছর পর ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি নিয়ে ফিরছে জনপ্রিয় এই সিরিজ। গত ৫ ফেব্রুয়ারি ডেডলাইন হলিউড এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি উল্লেখযোগ্য অঙ্কের ব্যবসা করতে পারে। ধারণা করা হচ্ছে, এটি ‘স্ক্রিম ৬’-এর ৪৪ দশমিক ৪ মিলিয়ন ডলারের ঘরোয়া উদ্বোধনী আয়ের পর সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পেতে পারে। ১৯৯৬ সালে শুরু হওয়া ‘স্ক্রিম’ সিরিজটি কয়েক দশক ধরে হরর-থ্রিলারপ্রেমী দর্শকদের মধ্যে একটি কালজয়ী অবস্থান তৈরি করেছে। সিরিজের মূল লেখক কেভিন উইলিয়ামসন এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পুরো সিনেমার পরিচালনার দায়িত্ব নিয়েছেন। সিনেমায় অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড ও কোর্টেনি কক্স। ২০২৪ সালের মার্চে নেভ ক্যাম্পবেল ‘স্ক্রিম ৬’-এ অনুপস্থিত থাকার পর ফ্র্যাঞ্চাইজিতে তার প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। সিরিজের আগের কয়েকটি সিনেমায় লেখক ও প্রযোজক হিসেবে কাজ করা কেভিন উইলিয়ামসনকেই পরে ‘স্ক্রিম ৭’ পরিচালনার জন্য নির্বাচন করা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয় এবং মার্চ মাসে শেষ হয়। সব মিলিয়ে দীর্ঘ অপেক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় এই হরর ফ্র্যাঞ্চাইজি।