বাংলাদেশ ব্যাংকে গভর্নর বদল, ‘স্বাভাবিক প্রক্রিয়া’ বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৬ পিএম
বাংলাদেশ ব্যাংকে গভর্নর বদল, ‘স্বাভাবিক প্রক্রিয়া’ বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। এ পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জায়গায় পরিবর্তন আসবে, প্রয়োজনে আরও পরিবর্তন হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই দিনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগের বিষয়টি জানানো হয়।

সাংবাদিকরা গভর্নর পদে এত দ্রুত পরিবর্তনের কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী সরাসরি কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তিনি বলেন, “নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।”

অর্থমন্ত্রী আরও বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, অগ্রাধিকার ও নীতিগত চিন্তাভাবনা রয়েছে। সেগুলো বাস্তবায়নের প্রয়োজনেই যেখানে দরকার, সেখানে পরিবর্তন আনা হচ্ছে। তার ভাষায়, “নতুন সরকারের যে কর্মসূচি আছে, যে অগ্রাধিকার আছে এবং যে চিন্তাভাবনা আছে, এগুলো বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন হবে।”

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এর ১০ এর ৫ অনুচ্ছেদ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দেড় বছরের মাথায় তাকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হলো।

নতুন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় এই পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে