মিয়ানমারের সাগাইং অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তার কম্পন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৭ সেকেন্ড থেকে ১০টা ৫৪ মিনিটের মধ্যে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে মিয়ানমারের সাগাইং অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
ইএমএসসি আরও জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে।
রাজধানীর বনশ্রী, সবুজবাগ, মগবাজার ও মালিবাগ এলাকায় বসবাসকারীরা কম্পন অনুভবের কথা জানিয়েছেন। সিলেট থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। হঠাৎ কম্পনে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ফারজানা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, “ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।”
ভূমিকম্পটি মিয়ানমার ছাড়াও বাংলাদেশ ও ভারতের কিছু অংশে অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে।