জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমান, ২ জুন নিউইয়র্কে ভোট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৩ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমান, ২ জুন নিউইয়র্কে ভোট

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বাংলাদেশ ও সাইপ্রাস। আলোচনায় থাকা ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রথমে বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় তার পরিবর্তে ড. খলিলুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে বাংলাদেশের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন এবং ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা জোরদারের নির্দেশ দেন।

আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী, এবার সভাপতি নির্বাচন হবে এশিয়া প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে। সেপ্টেম্বরে ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগে ২ জুন নির্বাচন সম্পন্ন হবে। কূটনৈতিক সূত্র বলছে, ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহারের পর মূল প্রতিদ্বন্দ্বিতা দাঁড়িয়েছে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে। সাইপ্রাসের প্রার্থী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিস।

৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক ২০২৬ সালের মে মাসে প্রার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আহ্বান জানাবেন বলে জানা গেছে। কূটনৈতিক মহলে ধারণা, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, উন্নয়ন ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা প্রার্থিতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে ২০২১ সালে ৭৬তম অধিবেশনে সহসভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। ২০১৬-১৭ মেয়াদে ৭১তম অধিবেশনেও সহসভাপতির দায়িত্ব পালন করে দেশটি। সর্বশেষ ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় চার দশক পর আবারও এ মর্যাদাপূর্ণ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ।

আপনার জেলার সংবাদ পড়তে