কিশোরগঞ্জ কৃষিতে সফলতার ধারায় এগিয়ে চলেছে

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৩ পিএম
কিশোরগঞ্জ কৃষিতে সফলতার ধারায় এগিয়ে চলেছে

কিশোরগঞ্জ কৃষিতে সফলতার ধারায় এগিয়ে চলেছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর খামার বাড়ির ক্রপস উইং পরিচালক ড.সালমা লাইজু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আওতাধীন প্রকল্প এলাকায় বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। পরে দুপুরে উপজেলার মহিনন্দ ইউনিয়নের চরপাড়া ভাস্করখিলা ব্লকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্পের মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, রাস্তার পাশে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবজিচাষসহ নানান সবজির সুন্দর ফলন হয়েছে। আপনারা কেউ পতিত জমি ফেলে রাখবেন না। রাস্তার পাশে সীমের চাষ দেখলাম শুধু সীমেই না বিভিন্ন শাক সবজি ও ফলমূলের চাষাবাদ বাড়াতে পারি। গ্রামের মানুষকে বুঝাতে হবে রাস্তাসহ একটু জায়গাও পতিত থাকবে না। পুষ্টি ঘাটতি এলাকায় বেশি করে পুষ্টি জাতীয় ফসল বাড়াতে হবে। ফসলের উৎপাদন বাড়ানোর জন্য এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পোকামাকড় দমনে তরল জৈব সার, সেক্স ফেরোমন ফাঁদ, বিষটোপ ও আঠালো ফাঁদ ব্যবহার বাড়াতে হবে। এই পদ্ধদি ব্যবহারে ফলন বাড়বে, গাছের বৃদ্ধি ভালো হবে, ফলে আর্থিকভাবে লাভবান হবে চাষীরা। খেতে সরিষার খৈল দিয়ে তৈরি ‘হরলিক্স’ নামের এক ধরনের তরল জৈব সার ব্যবহারের পরামর্শ দেন এবং তা হাতে নাতে তৈরী করে উপস্থিত চাষীদেরকে শিখিয়ে দেন। তিনি বলেন এই হরলিক্স ব্যবহারে দেখবেন গাছের সবুজ বৃদ্ধি ও ফলন বাড়বে। টমেটো, মিষ্টি লাউ, মরিচ ও লাউসহ অন্যান্য ফসলেও এই তরল হরলিক্স ব্যবহার করবেন। এতে অন্যদের তুলনায় অন্তত ২০-৩০% বেশি ফলন পাবেন চাষীরা। তিনি মাঠে সরিষা, ধনিয়া, সূর্যমুখী উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং মডেলগ্রাম প্রদর্শনীও ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ শাহীনুল ইসলাম,অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোঃ ইমরুল কায়েস, উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, উপসহকারী উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আবুল হাসেম, স্থানীয় উপসহকারী কর্মকর্তা নবী হোসেন, মো.নাছিরুজ্জামান সুমন, সাবিহা সুলতানা, রবিউল করিম, মো: তৈয়ব মিয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ।  সদর উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার বলেন, “আমরা সবসময় কৃষকদের নিরাপদ ও বিষমুক্ত ফসল চাষে উদ্বুদ্ধ করছি। ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু স্যারের বিশেষ উদ্যোগে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে তরল জৈব সার ও তরল হরলিক্স সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এতে কৃষকদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে