অভয়নগরে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সমাবেশ

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৫ পিএম
অভয়নগরে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সমাবেশ

যশোরের অভয়নগরে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের সচেতন জনগণের উদ্যোগে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে ষবাপতিত্ব করেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক আবু দাউদ মোল্যা। এসময় বক্তব্য রাখেন চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রজব আলী ফারাজী, ইউপি সদস্য আমেনা বেগম, ফারুক হোসেন, জহুরুল মোল্যা, শিক্ষক নূর ইসলাম, সাইফ উদ্দিন শেখ প্রমুখ।  এ সময় বক্তারা বলেন, চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদকের ব্যবসা করে আসছে। চিহ্নিত এসব মাদক কারবারির দৌরাত্ম্যে গ্রামবাসী অতিষ্ট। তাই দ্রুত সময়ের মধ্যে এদেরকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে মাদকের কারণে বাগদাহ গ্রামে বসবাস করা কঠিন হয়ে পড়বে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, মাদকের কারণে কয়েকটি গ্রামের যুবসমাজ আজ প্রায় ধ্বংসের পথে। তাই পুলিশবাহিনীসহ মাদক বিরোধী সকল দপ্তরের প্রতি আহবান- দ্রুত সময়ের মধ্যে চলিশিয়া ইউনিয়নের মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। অন্যথায় শুধু গ্রামবাসী নয়, প্রয়োজনে ইউনিয়নবাসী কঠোর আনন্দোল করতে বাধ্য হবে। সমাবেশ ও মানববন্ধনে শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করে।  এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভয়নগর থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেনো তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

আপনার জেলার সংবাদ পড়তে