পাবনার চাটমোহরে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমানকে মারপিটের ঘটনায় বৃহস্পতিবার রাতে চাটমোহর থানায় মামলা হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মওলানা আব্দুল হামিদ বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠণের ৯জন নেতা-কর্মীর নাম উলে।রখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। গত বৃহস্পতিবার দুপুরে হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীদের হাতে মারপিটের শিকার হন চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে চাটমোহরে এক জরুরী সংবাদ সম্মেলনে পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আছগার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। ঘটনার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
একইদিন রাতে চাটমোহরে পাল্টা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা। তারা এই ঘটনার সাথে বিএনপি জড়িত নয় বলে দাবি করেন। লাঞ্ছিত জামায়াত নেতা হাবিবুর রহমান জানান,হাটের ইজারা বা দরপত্র দাখিলের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি অন্য একটি কাজে সেখানে গিয়েছিলাম। এ অবস্থায় ক্ষমতাসীন দলের লোকজন আমার উপর হামলা করে। আমি দোষিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। এদিকে,জামায়াতের মিথ্যে অভিযোগের প্রতিবাদে,জামায়াতে ইসলামী টেন্ডারবাজির সাথে জড়িত ও হাটের দরপত্র দাখিলে বাধা দিয়েছে-এমন অভিযোগ এনে বিএনপি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করেছে। দোলং শহীদ জিয়া আদর্শ ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন,বিএনপি এই ঘটনার সাথে জড়িত নয়।” তারা বলেন,ঘটনাকে ভিন্নখাতে নিতে পাবনা-৩ আসনের সংসদ সদস্য তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছেন। যা কাম্য নয়। সংসদ সদস্য মিথ্যে অভিযোগ করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক চত্বরে প্রতিবাদ সভা করে।