পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে গৃহবধূকে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকার ও শাড়ি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যদিও এলাকাবাসী বলছেন এটা ডাকাতি। ওই গৃহবধূর ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস আলো মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে,কামালাপুর গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য আব্দুল হাইয়ের স্ত্রী এক সন্তান নিয়ে বাড়িতেই থাকেন। শুক্রবার ভোররাতে সেহররি আয়োজন করতে ওঠেন তিনি। এসময় ৪/৫ জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত বাড়িতে হানা দেয়। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে জিম্মি করে একটি সোনার হার,একটি চেইন,নগদ ৩০ হাজার টাকা ও বেশ কয়েকটি শাড়ি নিয়ে যায়। গৃহবধূর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন জানান,বিষয়টি মৌখিকভাবে জানার পর পুলিশ পাঠিয়েছিলাম। তবে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।