শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে ইরানে মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোসর ইসরায়েলি জায়নবাদের ইরানে সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। উল্লেখ্য যে, আজ দুপুর থেকে ইরানের শীর্ষ নেতৃবৃন্দের বাসভবন, অফিস ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই সামরিক হামলা চালানো হচ্ছে। এই হামলায় যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করছে। কার্যতঃ যুক্তরাষ্ট্রের সহযোগী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও এই অন্যায় যুদ্ধে সামিল হয়ে বিশ্বমানবতার জানিদুশমন মার্কিন-ইসরায়েলের পক্ষে ভূমিকা পালন করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও বিপদজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক স্বাধীন সার্বভৌম দেশের উপর সহিংসতা, হামলা আগ্রাসনের ফলে বিশ্ব আজ মানব বিধ্বংসী বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। বিবৃতিতে তিনি সারা বিশ্বের স্বাধীনতা ও শান্তিকামী জনগণকে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহবান জানান। একইসাথে ইরানের জনগণকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন সাম্রাজ্যবাদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোও আহবান জানান। বিবৃতিতে তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের প্রতি এই অন্যায় যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ নেওয়া দাবী জানান।