ঝিনাইদহের কালীগঞ্জ শহরে অবৈধ ভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করে আদালত। রোববার দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের সাগর ট্রেডার্সের মালিক খাইরুল বাসারকে এ জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (৩) ধারা অনুযায়ি সার জব্দ ও জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। এ সার ব্যবসায়ি দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাকি ও অনিয়ম ভাবে বিভিন্ন স্থানে এভাবে অধিক লাভের আশায় এভাবে সার বিক্রি করতো। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে সার জব্দ ও জরিমানা করা হয়। অভিযুক্ত সার ব্যবসায়ীর নির্ধারিত এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে হলেও ২০ বস্তা সার একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে ঝিনাইদহ গান্না বাজারে নিয়ে যাচ্ছিলেন। আদালত অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে সার জব্দ ও ব্যবসায়ী খাইরুল বাসারকে জরিমানা করে। এছাড়া পরবর্তীতে অবৈধ ভাবে সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।