খুলনা সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান : মঞ্জু

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৬:২৯ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৬:২৯ পিএম
খুলনা সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান : মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিক ভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। রবিবার দুপুরে কেসিসি'র সভাকক্ষে এ দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। ফুল দিয়ে বরণ করা হয় নবাগত প্রশাসককে। দায়িত্ব গ্রহণ শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হবে। সিটি কর্পোরেশনের সকল মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন  সিটি গড়তে আমরা কাজ করবো। সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে চান নবাগত প্রশাসক। এ দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা চান তিনি। কেসিসির কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে নব নিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি অবৈধ অর্থ আয় করবো না, আপনারাও কোন অবৈধ লেনদেনের সাথে জড়াবেন না। কোন ঠিকাদারদের কাছ থেকে কোন ঘুস নেওয়া হবেনা। কাজ সঠিক কাজ করেই ঠিকাদররা অনায়াসেই বিল তুলতে পারবেন। কোন প্রকার কমিশন বাণিজ্য করবেন না।  নজরুল ইসলাম মঞ্জু নাগরিকদের সাথে নিয়েই কর্ম পরিচালনা গঠন ও বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। তিনি আধুনিক খুলনা গড়তে টেকসই উন্নয়নের কথাও বলেন। মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খুলনাকে নতুন করে সাজানোর ইচ্ছা তার আছে। প্রধান মন্ত্রী নির্দেশ দিয়েছেন, খুলনাকে সবুজ সিটিতে পরিণত করতে হবে। সে কারণে প্রতিটি জায়গায় গাছ লাগানোর জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান।  অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, যোগ্য ব্যক্তির কাছেই দায়িত্বটা যাচ্ছে। মঞ্জু আমার পূর্ব পরিচিত। তিনি সংসদ নির্বাচনে হেরে যাওয়াতে কষ্ট পেয়েছি। কিন্তু মহান সৃষ্টিকর্তা কাউকে ফিরিয়ে দেন না, তার মর্যাদা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। নিশ্চই তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণ করবেন। আগামী নির্বাচনে আল্লাহ যেন তাকে বিজয়ী করেন। মঞ্জু নিশ্চই তার দক্ষতা ও যোগ্যতা দিয়ে জনগণের সেবা করবেন।  এদিকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২টা ১৫ মিনিটে হওয়ার কথা থাকলেও দেরীতে হয়। অনুষ্ঠানে শত শত মানুষ যোগ দেওয়ায় কিছুটা বিশৃংখলা দেখা দেয়। দায়িত্ব হস্তান্তর শেষে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতা, বিভিন্ন সামাজক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে