ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার রেশ ধরে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। মাথা না নুয়ে প্রতিটি হামলার জবাব দিচ্ছে দেশটি। মধ্যেপ্রচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা। এতে পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠছে। এমন যুদ্ধ পরিস্তিতিতে মধ্যেপ্রচ্যের প্রথম কয়েক দিনেই ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে অন্তত ৩ লাখ যাত্রী অঞ্চলজুড়ে আটকে পড়েছেন।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় ৩ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। চলমান সংঘাতের জেরে অঞ্চলজুড়ে আনুমানিক তিন লাখ মানুষ আটকা পড়েছেন। যুক্তরাজ্য তাদের নাগরিকদের সরিয়ে নিতে সহায়তার জন্য দল পাঠাচ্ছে বলে জানা গেছে।
ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সংঘাতের প্রথম কয়েক দিনেই ৩ হাজার ৪০০ টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, শারজাহ, আবুধাবি এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ এই অঞ্চলের বড় বিমানবন্দরগুলো সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে। সংঘাতের জেরে মোট ছয় বা সাতটি প্রধান বিমানবন্দর বন্ধ রয়েছে।
এদিকে এই অঞ্চলের বিস্তীর্ণ আকাশসীমা এখনও বন্ধ থাকায় এর প্রভাব বৈশ্বিক বিমান চলাচলেও পড়েছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনে মধ্যপ্রাচ্যের এসব বিমানবন্দর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। ফলে এগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে একের পর এক বিঘ্ন সৃষ্টি হয়েছে।