যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অনুমোদনহীন একটি ঈদ মেলার আয়োজন বন্ধের নিদের্শ দিয়েছেন উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। জানা গেছে, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নওয়াপাড়া ইনস্টিটিউটের মাঠে একটি রাজনৈতিক দলের কতিপয় ব্যক্তি অবৈধভাবে ঈদ মেলা বসানোর প্রস্তুতি শুরু করে। ইতোমধ্যে তারা ওই মাঠে অস্থায়ী স্টল নির্মাণের কাজ শুরু করলে বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসে। এ ব্যাপারে রবিবার (১ মার্চ) নওয়াপাড়া বাজারের শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত ঈদ মেলা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যশোর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করা হয়। ব্যবসায়ীরা তাদের লিখিত আবেদনপত্রে বলেন, নওয়াপাড়া বাজারের বিভিন্ন প্রকার ব্যবসায়ীরা সরকারি নিয়মনীতি মেনে সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। বছরজুড়ে লাভ-ক্ষতির মধ্যদিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। সম্প্রতি নওয়াপাড়া ইনস্টিটিউটের মাঠে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ঈদ মেলার নামে বহিরাগত ব্যবসায়ীদের এনে তাদের ব্যবসার মারাত্মক ক্ষতিসাধনের চেষ্টা করছে। সরকারি অনুমোদনহীন এই অবৈধ ঈদ মেলা বন্ধে কার্যকর ব্যবস্থাগ্রহণের আহবান জানান তারা। একটি রাজনৈতিক দল ও তাদের একজন জনপ্রতিনিধির নাম ব্যবহার করে যারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রণের দাবি জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে অবৈধ ঈদ মেলার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানান তারা। নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মুঠোফোনে বলেন, ইনস্টিটিউট মাঠে ঈদ মেলা আয়োজনে আমার অনুমতির প্রয়োজন হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে ঈদ মেলা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছিল। বিষয়টি জানার পর অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।