বরিশাল শিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কম্পিউটার অপারেটরের অসাবধানতায় বদলে গেছে ৩৮ হাজার শিক্ষার্থীর ‘জেন্ডার’। এসব পুরুষ (ছাত্র) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে লেখা হয়েছে ‘ফিমেল’। ত্রুটিপূর্ণ সেই রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়েছে কলেজগুলোতে।
ফলে এইচএসসি পরীক্ষা শুরুর আগে ভুল জেন্ডারে ভোগান্তিতে পরেছে শিক্ষার্থীরা। যেখানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা, সেখানে ভুল সংশোধন করতে তাদের (ছাত্র) কলেজ এবং শিক্ষা বোর্ডে ছুটতে হচ্ছে।
তবে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, কম্পিউটার অপারেটরের অসাবধানতায় এমন ভুল হয়েছে। যা নিজ খরচেই সংশোধন করে দিচ্ছে বোর্ড কর্তৃপক্ষ। আর যাদের কারণে এমন ত্রুটি হয়েছে তাদেরকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী জুন মাসের মধ্যে। এবার বিভাগের ছয়টি জেলা থেকে বরিশাল বোর্ডের অধীনে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। মূলত কলেজে প্রথম বর্ষে ভর্তির ছয় মাস পরে কলেজ কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন করে থাকে।
এইচএসসি পরীক্ষা শুরুর অন্তত একমাস আগে রেজিস্ট্রেশন কার্ডগুলো প্রিন্ট দেওয়া হয়। সেই অনুযায়ী গত দুইদিন পূর্বে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এরইমধ্যে চারটি জেলার কলেজগুলোতে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়।
সূত্রে আরও জানা গেছে, ঝালকাঠিসহ দুটি জেলার রেজিস্ট্রেশন কার্ড বিতরণকালে ধরা পরে পরীক্ষার্থীদের ‘জেন্ডার ত্রুটি’। যেখানে মোট পরীক্ষার্থীর ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীকে মহিলা বা ফিমেল পরীক্ষার্থী বানিয়ে দেওয়া হয়েছে। ভুল ধরা পড়ার পর শিক্ষার্থীরা ছুটছেন কলেজে আর কলেজ কর্তৃপক্ষ ছুটছেন বোর্ড কর্মকর্তাদের কাছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রাম সেটিংসের কারণে এতো বড় ভুলটা হয়েছে। কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এমনটা হয়েছে। এজন্য তাকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষার আগেই ভুলটা ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করে দিচ্ছি। এখানে শিক্ষার্থীদের হয়রানির কোনো সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই সমাধান করে দেওয়া হচ্ছে। রোববার (পহেলা মার্চ) থেকে এরইমধ্যে অনেকগুলো রেজিস্ট্রেশন সংশোধন করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।