এবার চীফ হুইপ হলেন বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ১১:৫২ এএম
এবার চীফ হুইপ হলেন বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি

জাতীয় সংসদের চীফ হুইপ হয়েছেন বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি।

সোমবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ বিষয়ক প্রজ্ঞাপনের বরাত দিয়ে ওই নিয়োগের কথা জানিয়েছেন। এর আগে বরিশাল বিভাগ থেকে দুইজন পূর্ণ মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নবগঠিত মন্ত্রীসভায়।

এবার মন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের চীফ হুইপ নিয়োগ পেয়েছেন নুরুল ইসলাম মণি। ফলে বরিশাল বিভাগে ঝালকাঠি ছাড়া অন্য পাঁচটি জেলা থেকেই এবার মন্ত্রী হয়েছেন। এরমধ্যে বরিশাল জেলায় দুইজন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ নুরুল ইসলাম মণি বরগুনা-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অষ্টম জাতীয় সংসদে তিনি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এর আগে এই বিভাগ থেকে ষষ্ঠ জাতীয় সংসদের চীফ হুইপ হয়েছিলেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ চীফ হুইপের দায়িত্ব পালন করেছেন।

নুরুল ইসলাম মণি ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি দ্বিতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে