ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো. কবির হোসেন জানিয়েছেন, উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে সোমবার (২ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ওই মামলার পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেলোয়ার হোসেন বেসরকারি এনজিও ‘আলোক শিখা’ ও ‘আরপিডিএস’’র চেয়ারম্যান এবং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
অভিযোগ রয়েছে, বানারীপাড়া, নেছারাবাদ (স্বরূপকাঠী) ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় এনজিও কার্যক্রমের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি (দেলোয়ার হোসেন) সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা সংগ্রহ করেছেন। পরবর্তীতে কার্যক্রম বন্ধ করে তিনি আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় প্রতারণার অভিযোগে একাধিক মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্তরা। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের দাবিতে প্রতারণার শিকার হওয়া শত শত গ্রাহকরা তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। প্রতারণা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপি তার দলীয় পদ স্থগিত করে।