নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মৎস্য খামারীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে এ উদ্যোগ গ্রহণ করে সৈয়দপুর উপজেলা প্রশাসন। সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি বলেন, মৎস্যচাষ আমাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামারীরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবেন। এ সময় খামারীদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ যেমন মাছের পোনা, মাছের খাদ্য, জাল ও পানির গুণগত মান পরিমাপক সরঞ্জাম বিতরণ করা হয়। উপকারভোগী খামারীরা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এ কার্যক্রমে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।